এনসিপি থেকে মৌলভীবাজারের দুই নেতাকে বহিষ্কার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তি দুটি এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।
এ কারণে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এহসান জাকারিয়াকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে তামিম আহমেদকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উভয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন